Shahed

The Intelligence of Choice: জীবনের আসল বুদ্ধিমত্ত

জীবনের একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে, মানুষের আসল বুদ্ধিমত্তা আসলে সে কত কিছু জানে, সেখানে নয়; বরং সে জানার পর কী বেছে নেয়, সেখানেই তার বুদ্ধিমত্তার সবচেয়ে গভীর প্রকাশ ঘটে।

আমরা Intelligence-কে সাধারণত জ্ঞান, মেধা, যুক্তি কিংবা কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা দিয়ে মাপি। কিন্তু জীবন যখন আমাদের একটু গভীরে নিয়ে যায়, তখন আমরা বুঝতে শুরু করি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর সামনে কোনো বই আমাদের হাতে যথাযথ উত্তর তুলে দেয় না। সেখানে কোনো formula কাজ করে না। সেখানে শুধু আমি, আমার ভেতরের অন্তর্নিহিত টানাপোড়েন, আর এক সুগভীর প্রশ্ন, "আমি আসলে কোনটাকে বেছে নেব?"

অদ্ভুত বিষয় হলো, জীবনের অনেক ভুল আমরা অজ্ঞতার কারণে করি না। বরং অনেক সময় আমরা খুব ভালো করেই জানি কোনটা সঠিক। জানি কোন কথাটা বলা উচিত নয়, কোন সম্পর্কটায় সীমারেখা প্রয়োজন, কোন অভ্যাসটা ধীরে ধীরে আমাদের ভেতরটা নষ্ট করছে, কোন সিদ্ধান্তটা ভবিষ্যতে আমাদের আফসোসের কারণ হতে পারে। তবুও আমরা ভুলটাকেই বেছে নিই। কারণ জানা আর বেছে নেওয়ার মাঝখানে যে অদৃশ্য জায়গাটা, সেখানেই মানুষের সবচেয়ে বড় যুদ্ধ। সেই জায়গায় আমাদের জ্ঞানের সঙ্গে লড়াই করে আমাদের Ego, Emotion, Fear, Desire, Attachment এবং Instant Gratification। আর সেই একেকটি মুহূর্তে আমরা যে Choice করি, সময়ের সঙ্গে সঙ্গে সেই Choice-গুলোই আমাদের Character হয়ে ওঠে।

আজ হয়তো আমি শুধু রাগের মাধ্যমে কারও প্রতি আমার ঘৃণা ছড়িয়ে দিলাম। হয়তো কাউকে কষ্ট দিয়ে একটি কথা বলে ফেললাম। হয়তো নিজের সুপ্ত অহংকারকে আরও একটু বাড়তে দিলাম। হয়তো এমন একটি ইচ্ছার কাছে হার মেনে গেলাম, যেটাকে আমি খুব ভালো করেই জানতাম, আমার জন্য সেটা মোটেও উত্তম সিদ্ধান্ত নয়।

মুহূর্তটি খুব ছোট। কিন্তু আমাদের যাপিত জীবন কখনো কখনো শুধু মুহূর্ত দিয়ে আমাদের বিচার করে না। একই Choice যখন বারবার আমাদের সামনে আয়নার মতো ফিরে আসে, তখন তা অভ্যাসে পরিণত হয়; অভ্যাস থেকে স্বভাব; আর স্বভাব একদিন আমাদের নিজস্ব স্বকীয়তার পরিচয় হয়ে দাঁড়ায়। তখন আমরা আর শুধু সিদ্ধান্ত নিই না, আমাদের সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আমাদের অবচেতন মনের পরিচয় বহন করতে শুরু করে।

এই উপলব্ধি থেকেই Human Intelligence-এর প্রতি আমার উপলব্ধিটা একটু বদলে গেছে। HI আমার কাছে শুধু মস্তিষ্কের তীক্ষ্ণতা নয়; বরং নিজের ভেতরের পৃথিবীটাকে আরও সুগভীর ভাবে দেখতে পারার ক্ষমতা।

কখন আমার Emotion আমাকে পরিচালিত করছে, কখন Ego আমার হয়ে কথা বলছে, কখন Fear আমাকে আটকে রাখছে, কখন মানুষের স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষায় আমি নিজের ভেতরের অন্তর্নিহিত সত্যটাকে বিসর্জন দিচ্ছি, এসবই গভীরভাবে অনুভব করতে পারা। কিন্তু শুধু বুঝতে পারাটাই শেষ কথা নয়। আসল Intelligence শুরু হয় তখন, যখন সবকিছু বুঝেও নিজেকে আমরা সঠিক সময়ে, সঠিক জায়গায় থামাতে পারি।

কারণ সব অনুভূতির অনুসরণ করতে হয় না। সব ইচ্ছাকে পূরণ করতে হয় না। সব কথার উত্তর দিতে হয় না। সব দরজা খুলে গেলেই সেখানে প্রবেশ করতে হয় না। কখনো কখনো জীবনের সবচেয়ে Intelligent Choice হলো, যেটা করতে আমার খুব ইচ্ছে করছে, সেটাই বরং না করা। কখনো নীরব থাকা। কখনো সরে আসা। কখনো ক্ষমা করে দেওয়া। কখনো নিজের Ego-কে হারতে দেওয়া। আর কখনো এমন একটি পথ বেছে নেওয়া, যেটা আজ আমাকে আনন্দ দেবে না, কিন্তু আগামী দিনের আমাকে নিয়ে আমি যেন গর্ব করতে পারি।

জীবন আসলে প্রতিদিন আমাদের খুব ছোট ছোট জায়গায় পরীক্ষা নেয়। কেউ আপনাকে এমন কিছু বলল, যা আপনার হৃদয়ের গভীরে আঘাত হানলো, আপনি তখন কী বেছে নিলেন? প্রতিশোধ, নাকি সংযম? কেউ আপনাকে অবমূল্যায়ন করল, আপনি কী বেছে নিলেন? নিজেকে প্রমাণ করার অস্থিরতা, নাকি নীরবে নিজেকে আরও যোগ্য করে তোলা? আপনি ব্যর্থ হলেন, নিজেকে ভেঙে ফেললেন, নাকি সেই ব্যর্থতার ভেতর থেকে নিজের জন্য একটি নতুন শিক্ষা খুঁজে নিলেন? আপনার সামনে একটি সহজ পথ, আরেকটি কঠিন কিন্তু সঠিক পথ, আপনি কোন পথে হাঁটলেন? হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই আমাদের IQ-এর চেয়েও বেশি প্রকাশ পায় আমাদের Humanity।

আর একজন মুমিনের জন্য এই Choice-এর অর্থ আরও গভীর। কারণ তখন প্রশ্নটা শুধু “আমার জন্য কোনটা ভালো?”, এখানেই থেমে থাকে না। প্রশ্নটা আরও গভীরে গিয়ে দাঁড়ায়, “আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটাকে ভালোবাসেন?” এই একটি প্রশ্ন মানুষের Decision-making-এর পুরো মানচিত্র বদলে দিতে পারে। তখন আমরা শুধু লাভ দেখি না, বরং বরকত দেখি। শুধু মানুষের প্রশংসা দেখি না, রবের সন্তুষ্টি দেখি। শুধু আজকের আরাম দেখি না, আগামী দিনের জবাবদিহিতার কথাও মনে রাখি। তখন সঠিক সিদ্ধান্ত সবসময় সহজ হয় না; কখনো কখনো সেটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়। কিন্তু সেই কঠিন সিদ্ধান্তের ভেতরেও হৃদয়ের এক অদ্ভুত প্রশান্তি জন্ম নেয়, কারণ আমরা জানি, মানুষকে খুশি করার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা অনেক বড়।

আমার কাছে তাই Human Intelligence মানে সবকিছু বুঝে ফেলা নয়। বরং জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে একটু থেমে নিজেকে জিজ্ঞেস করা, “আমি এখন যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি, এটা কি আমার সাময়িক আবেগের সিদ্ধান্ত, নাকি আমি যে মানুষটি হতে চাই, সেই মানুষটির সিদ্ধান্ত?” কারণ প্রতিটি Choice শুধু বর্তমান পরিস্থিতির উত্তর নয়; প্রতিটি Choice আমাদের ভবিষ্যৎ Self-এর জন্য একেকটি ইট।

আজকের একটি ছোট সিদ্ধান্ত হয়তো তেমন কিছু মনে হবে না। কিন্তু সেই একই সিদ্ধান্ত যখন বারবার নেওয়া হয়, একদিন সেটিই আমাদের স্বভাবে পরিণত হয়। আর তখন আমরা বুঝতে পারি, আমরা আসলে একদিনে আমাদের Character তৈরি করিনি; প্রতিদিনের অসংখ্য ছোট ছোট Choice দিয়েই তাকে তৈরি করেছি।

শেষ পর্যন্ত হয়তো জীবন আমাদের জিজ্ঞেস করবে না, তুমি কত কিছু জানতে? কত বই পড়তে? কত মানুষকে মুগ্ধ করতে? কত বড় পরিচয় তৈরি করতে? হয়তো জীবনের শেষ প্রান্তে এসে আরও নীরব একটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়াবে, “তুমি যখন জানতে কোনটা সঠিক, তখন কোনটাকে বেছে নিয়েছিলে?”

হয়তো সেখানেই Human Intelligence-এর আসল সৌন্দর্য। সবসময় সঠিক হতে পারা নয়; বরং ভুল বুঝতে পারার পর ফিরে আসার সাহস। নিজের Ego-এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। নিজের নফসকে প্রতিবার জিততে না দেওয়ার সাহস। আর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ Choice-এ এমন একটি পথ বেছে নেওয়া, যে পথ আমাকে শুধু আরও সফল মানুষ নয়, আরও সুন্দর মানুষ, আরও সচেতন মানুষ, আরও পরিণত মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও কাছের একজন বান্দা হিসেবে গড়ে তোলে।

কারণ শেষ পর্যন্ত মানুষের জীবন তার জ্ঞানের গল্প নয়। মানুষের জীবন তার অসংখ্য Choice-এর গল্প। আমরা প্রতিদিন একটু একটু করে নিজেদের বেছে নিই। আর হয়তো মানুষের সবচেয়ে বড় Intelligence হলো, ভালোটা জানা নয়, ভালোটা বেছে নেওয়ার সক্ষমতা। আর তার চেয়েও বড় Intelligence হলো, যখন নিজের নফস একদিকে টানে, পৃথিবী একদিকে টানে, আর সত্য আরেকদিকে দাঁড়িয়ে থাকে, তখন নীরবে সেই সত্যের দিকেই পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন করতে পারা।